ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৫:৫৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার বিরুদ্ধে রাশিয়ার ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সর্বপ্রথম করোনাভাইরাসের টিকা তৈরির ঘোষণা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল না আসায় এতো দিন এই টিকার কার্যকারিতা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের অনেকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। এবার রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ নামের এই করোনা ভ্যাকসিন ক্লিনিকাল ট্রায়ালে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

বিখ্যাত ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানচেটে ট্রায়ালের ফলটি প্রকাশ হয়েছে। রাষ্ট্র পরিচালিত ভাইরোলজি গবেষণা কেন্দ্র রাশিয়ার গামলেয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ এ প্রসঙ্গে বলেছেন, কোভিড-১৯ মহামারিটির বিরুদ্ধে যুদ্ধে এটি দুর্দান্ত সাফল্য।

যুক্তরাষ্ট্রে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও বেলজিয়ামে তৈরি জ্যানসেন ভ্যাকসিন যেভাবে কাজ করে, স্পুটনিক-৫ সেভাবেই কাজ করে। শরীরে কিঞ্চিৎ মাত্রায় করোনাভাইরাস প্রবেশ করাতে এই ভ্যাকসিনটি প্রকৌশলের মাধ্যমে একটি অক্ষতিকর ও ঠাণ্ডা ধরনের ভাইরাস ব্যবহার করে থাকে।

ভ্যাকসিনটি দেয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে দেহ অ্যান্টিবডি তৈরি করতে থাকে। এর মানে হল, সত্যিকার করোনাভাইরাসে আক্রান্ত হলেও তা লড়াই করার মতো যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর অর্জন করবে। তবে স্পুটনিক-৫ এর দ্বিতীয় ডোজটি অন্যান্য ভ্যাকসিনের মতো একই ডোজের পুনরাবৃত্তি করার বদলে কিছুটা আলাদা একটি ধরন ব্যবহার করবে। প্রথম ডোজের ২১ দিন পরে তা প্রয়োগ করা হবে।

দুটি ধরনই ভাইরাসের ‘স্পাইক’কে লক্ষ্য করে কাজ করবে। তবে প্রথম ডোজের পুনরাবৃত্তির ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে তার চেয়েও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে দ্বিতীয় ডোজে আলাদা ধরন ব্যবহৃত হচ্ছে।

ভাইরাস থেকে প্রতিরক্ষার পাশাপাশি নিরাপত্তাও দেবে ভ্যাকসিনটি। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে তা মৃদু মাত্রায়। এর মধ্যে রয়েছে বাহু ফুলে যাওয়া, ক্লান্তি ও শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়া।

-জেডসি