ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৫:৫৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুয়েতে বিদেশি নাগরিকদের ২ সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত। পাশাপাশি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ করেছে দেশটির সরকার।

বুধবার কুয়েতের মন্ত্রীপরিষদের বৈঠকে সিদ্ধান্তের পর টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যেই যারা কুয়েতে প্রবেশ করেছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ঘোষণায় বলা হয়, মা-বাবা, সন্তানসহ নিকটাত্মীয় ও গৃহকর্মীদের ওপর নিষেধাজ্ঞার এই আদেশ প্রযোজ্য হবে না।

করোনাভাইরাস সংক্রমণ নজরদারি করা জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুসারে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১.৪৫ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাস সংক্রমণে এক লাখ ৬৭ হাজার চার শ’ ১০ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে নয় শ’ ৬১ জনের।

গত বছরের শেষে কুয়েতে দৈনিক ভাইরাস সংক্রমণ শনাক্ত কমে তিন শ’তে নেমে এসেছিল। মে মাসে কুয়েতে ভাইরাস সংক্রমণে দৈনিক এক হাজারের বেশি শনাক্তের হার ছাড়িয়েছিল।

এরমধ্যেই, এ সপ্তাহের শুরুতে সৌদি আরব বিশটি দেশের নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। সূত্র : খালিজ টাইমস

-জেডসি