ঈদে ঘরের সাজও হওয়া চাই জমকালো
প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৫ জুলাই ২০১৪ শুক্রবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৫ জুলাই ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদে নিজেকে সাজানোর পাশাপাশি বাড়ি-ঘরও সাজিয়ে নিচ্ছেন অনেকে। তাই পোশাক কেনার সঙ্গে সঙ্গে চলছে নতুন টিভি, ফ্রিজ থেকে শুরু করে সোফা সেট, ডাইনিং টেবিল আর বিভিন্ন শোপিস কেনার ধুম। রোজার শুরু থেকেই রাজধানীর মার্কেটগুলোতে গৃহকর্ত্রীরা ঘর সাজানোর পণ্য কিনতে ভিড় করছেন। ঈদে ঘরের পাপোষ থেকে শুরু করে বিছানার চাদর, পর্দা পর্যন্ত নতুন জিনিসে ঘর সাজাতে চায় সবাই। তাই ঈদের ঠিক দু তিন দিন আগে সে ভিড় বেড়ে গেছে বহুগুন।
গতকাল শুক্রবার ঈদের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিনে মহানগরীর মৌচাক, বায়তুল মোকাররম, ষ্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, আড়ংসহ বিভিন্ন শপিং মল ও সুপার স্টোরগুলোতে ছিল গৃহকর্ত্রীদের জমজমাট ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় কারো যেন দম ফেলার সময় নেই। দরদাম করছেন আর কিনছেন।
এলিফ্যান্ট রোডের পর্দার দোকানগুলো ঘুরে দেখা গেছে নতুন পর্দা কেনার হিড়িক। কেউ কিনছেন তৈরি পর্দা, কেউবা কাপড় কিনে তাৎক্ষনিক পর্দা তৈরির জন্য জরুরী অর্ডার দিচ্ছেন, কেউ আবার তৈরি করতে দেওয়া পর্দা ডেলিভারি নিচ্ছেন। দোকানিরা জানালেন, ঈদের আগের দিন মধ্য রাত পর্যন্ত এই অবস্থা চলবে।
নিউ মার্কেটের পেছনের সিঙ্গাপুর মার্কেটে দেখা গেল বিক্রি হচ্ছে কাপ-পিরিচ, গ্লাস, ডিনার সেটসহ নানা রকম তৈজসপত্র, ঘর সাজানোর শোপিস, প্লাস্টিকের ফুল আরো কত কি! দেশি-বিদেশি নানা ডিজাইনের শোপিস কিনতে গৃহিনীরা ভিড় জমাচ্ছেন আড়ং,বুনন, নিপুনসহ বিভিন্ন বুটিক হাউজ ও অভিজাত শপিং মলগুলোতে। এছাড়াও টেরাকোটাসহ ঘর সাজানোর মাটির তৈরি বিভিন্ন রকম শোপিস কিনতে তারা ভিড় করছেন শিশু একাডেমির সামনের ফুটপাত, ধানমন্ডি ৫ নম্বরসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে।
এলিফ্যান্ট রোড, বায়তুল মোকাররম এবং পুরানা পল্টনের কার্পেটের দোকানগুলোতে ভিড় করেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা গৃহিণীরা। দামাদামি করে কিনে নিচ্ছেন নিজের পছন্দের কার্পেটটি। একই অবস্থা রাজধানীর ফার্নিচারের দোকানগুলোতে। সোফা সেট কিংবা ডাইনিং সেট কিনতে হাতিল, অটবি, পার্টেক্সসহ বিভিন্ন ফার্নিচারের দোকানে ভিড় জমাচ্ছেন অনেক ক্রেতা।
এছাড়াও ঈদ কার্ড, ঈদ গিফটের দোকানগুলোতেও বিক্রি হচ্ছে নানা ধরনের গিফট আইটেম। শো-পিস, ফুলদানি, নানা রকমের কার্ড, সফট্ টয়, উইন্ড চাইমসহ নানা ধরনের পণ্য। আর্চিজ, হলমার্ক, আইস কুল, আলমাস সহ বিভিন্ন বিপনী বিতানগুলোতে বেড়ে গেছে এসব পণ্যের বিক্রি। নিউ মার্কেট, গাউছিয়া এবং চন্দ্রিমা মার্কেটের ছবি বিক্রি ও বাঁধাইয়ের দোকানগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ঈদকে সামনে রেখে ঘর সাজাতে কেউ কিনছেন ফুল, প্রকৃতির ছবি, পোষ্টার কিংবা পেইন্টিং। কেউবা এসব জিনিস বাঁধাই করিয়ে নিচ্ছেন পছন্দের ফ্রেমে।
২৫.০৭.২০১৪ 