ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৪:০৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার নতুন ধরনে কাজ করছে না অক্সফোর্ডের টিকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনারভাইরাসের নতুন ধরন নিয়ে জটিলতা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর থেকেই দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। ভাইরাসের লাগাম টানতে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পরও ফলাফল না পাওয়ায় আপাতত এর ব্যবহার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

নতুন এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন প্রতিরোধে অক্সফোর্ডের টিকা মাত্র ১০ শতাংশ কার্যকর। আর এতেই নতুন করে কপালে ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে এসেছে, নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ক্ষুদ্র পরিসরে পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। অক্সফোর্ডের টিকা সংক্রমণের বিরুদ্ধে খুবই সামান্য সুরক্ষা দেখিয়েছে। তবে, গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সামনে উল্লেখযোগ্য ফলাফল পাবেন বলে- আশাবাদী বিশেষজ্ঞরা।

দক্ষিণ আফ্রিকায় নতুন সংক্রমণে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন কতটুকু কার্যকর এ গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাজ্যের উইটওয়টারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাবির মধী। তিনি জানান, এই গবেষণা খুবই ছোট পরিসরে করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক ফলাফলে এটি ১০ শতাংশ পর্যন্ত কাজ করছে, এটা স্পষ্ট। যখন বড় পরিসরে গবেষণা করা হবে, তখন আপনি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ভালো ফল পেতে পারেন বা তারও বেশি।

কোভিডের নতুন ধরন শুধু দক্ষিণ আফ্রিকাতেই নয়, যুক্তরাজ্যে ও ইউরোপের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও পৌঁছে গেছে। আগের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত গতিতে ছড়াতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। যদিও এখন পর্যন্ত শক্তিশালী রুপ নিতে দেখা যায়নি কোভিডের নতুন বৈশিষ্ট্যে।

-জেডসি