ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৪:০৬:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সু চির দলের কার্যালয় সেনা ‘তল্লাশিতে তছনছ’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির সদরদপ্তরে তল্লাশি চালিয়ে তছনছ করেছে সেনাবাহিনী। এনএলডি তাদের ফেসবুক পাতায় এ অভিযোগ করেছে।

বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙে এনএলডির সদরদপ্তরে প্রবেশ করে। তবে দলটির কোনো নেতাকর্মী ওই সময় সেখানে ছিলেন না।

দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে। এর মধ্যেই সু চির দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।

অনেকেই অং সান সু চি ও তার দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করছেন। তাদের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি।

এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে– সামরিক স্বৈরাচার সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে। তবে আর বিস্তারিত কিছু বলা হয়নি।

দেশজুড়ে রাত্রিকালীন কারফিউর মধ্যে স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টার মধ্যে ওই তল্লাশি চালায় সেনাবাহিনী।

ওদিকে দেশটিতে এখনও পাঁচজনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ আছে। যদিও এর মধ্যে বিক্ষোভ চলছে এবং হাজার হাজার প্রতিবাদকারী মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে আসে। পুলিশও ব্যাপক শক্তি প্রয়োগ করে; ফলে বেশ কিছু ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বুধবার ভোরে সরকারি চাকুরেদের একটি বড় উল্লেখযোগ্য অংশ রাজধানী নেপিদোতে সমবেত হয় বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

নেপিদোতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ যদিও তাতে বিক্ষোভকারীদের সরানো যায়নি। বিক্ষোভের সময় একজন নারী মাথায় এবং আরও একজন ব্যক্তি বুকে গুরুতর আঘাত পেয়েছেন।

ওদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলিবিদ্ধ হয়ে আহত নারীর ফুটেজ ও ফটো ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। জাতিসংঘ মঙ্গলবারের রক্তপাতের ঘটনায় তীব্র উদ্বেগের কথা জানিয়েছে।

-জেডসি