ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৯:১৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অক্সফোর্ডের টিকা বিক্রি করে দিতে চায় দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকাদান স্থগিত করার পর এবার তাদের হাতে থাকা কয়েক লাখ ডোজ টিকা বিনিময় বা বিক্রি করে দিতে চাইছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় একথা জানিয়েছে। বিবিসি।

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের একটি ধরনের বিরুদ্ধে অক্সেফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সামান্যই কার্যকর, গবেষণায় এমন হতাশাজনক ফল আসার পর কিছুদিন আগেই টিকাদান কর্মসূচি স্থগিত করেছিল সরকার।

এখন দেশটি এই টিকাগুলো বিনিময় কিংবা বিক্রি করে দিয়ে এর পরিবর্তে বিকল্প হিসাবে জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের পরিকল্পনা করছে। বুধবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহে কোনও এক সময় ‘প্রায়োগিক গবেষণা’ হিসাবে স্বাস্থ্যকর্মীদেরকে এই টিকা দেওয়া শুরু হবে।

তাছাড়া, অ্যাস্ট্রাজেনেকার টিকা বিক্রি কিংবা কারও সঙ্গে বিনিময় করার প্রক্রিয়া শুরুর আগে বিজ্ঞানীদের পরামর্শের জন্য অপেক্ষা করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন ‘এরই মধ্যে কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করে টিকাগুলো তাদের কাছে বিক্রি করতে বলেছে।’

‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আমাদের বিজ্ঞানীরা আরও বিস্তারিত আলোচনা করবেন। তাদের পরামর্শের উপরই সব কিছু নির্ভর করছে। টিকার মেয়াদ শেষ হওয়ার আগেই সেগুলো বিনিময় করা হবে।’

সংবাদ সম্মেলনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।দক্ষিণ আফ্রিকায় ১৫ লাখের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৪৭ হাজার মানুষ। আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশগুলোর তুলনায় যা অনেক বেশি।

-জেডসি