ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২২:৫২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গৌরনদীর উপনির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

বরিশাল প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:১১ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ভাইসচেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে অ্যাডভোকেট সাহিদা আকতার ও বিএনপির মনোনয়ন পেয়েছেন তাসলিমা বেগম।

শনিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে বলে দল দুটির দায়িত্বশীল সূত্র উইেমেননিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

গৌরনদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-আলম খানের মৃত্যুতে গত ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

পরবর্তীতে ওই পদে উপনির্বাচন ঘোষণা করা হলে গত ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। সেই সঙ্গে ভাইসচেয়ারম্যান উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তফসিল অনুযায়ী আগামীকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১০ অক্টোবর মনোনয়ন বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার ও ৪ নভেম্বর উপজেলা ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন জানান, শনিবার সকালে তাদের স্থানীয় দলীয় মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ভাইসচেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক বরিশাল জেলা মহিলালীগের সদস্য অ্যাডভোকেট সাহিদা আকতারকে প্রার্থী ঘোষণা করা হয়।

অপরদিকে, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে গত শুক্রবার ঢাকায় তাদের দলের এক জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইসচেয়ারম্যান উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলা মহিলাদলের সভাপতি ও বরিশাল উত্তর জেলা মহিলাদলের আহ্বায়ক তাসলিমা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।