ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ১:৫৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ত্রোপচার সম্পন্ন, ভালো আছে মুক্তামনি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১১:৩৯ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে চতুর্থবারের মতো অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার সকালে এ অস্ত্রোপচার হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন উইমেননিউজকে বলেন, ‌‌‌আজ চতুর্থবারের মতো অস্ত্রোপচার হচ্ছে মুক্তামনির। সকাল ৯টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ১০টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১০টা ২০ মিনিটে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

‘অস্ত্রোপচারের পর মুক্তামনি ভালো আছে। আজকের অস্ত্রোপচার করা হয়েছে তার হাতে চামড়া লাগানোর উপযুক্ত করার জন্য। সব মিলিয়ে সে ভালো আছে। আপনারা তার জন্য দোয়া করবেন’, যোগ করেন সামন্তলাল।

এর আগে গত ১২ আগস্ট মুক্তামনির প্রথম অস্ত্রোপচার করা হয়।

এর পর গত ২৯ আগস্ট ফের মুক্তামনির অস্ত্রোপচার হয়। তবে সেদিন শরীরের তাপ বেড়ে যাওয়ায় ২০ ভাগ অস্ত্রোপচারের পর তা স্থগিত করা হয়েছিল। পরে ৫ সেপ্টেম্বর বাকি অস্ত্রোপচার হয়।

মুক্তামনির বয়স যখন দেড় বছর, তখন ডান হাতে একটি টিউমারের মতো হয়। পরে তা ফুলে যেতে থাকে। পুরো ডান হাতটি ফুলে বালিশের মতো হয়ে যায়। ওই হাত থেকে দুর্গন্ধও বের হতে থাকে। রোগটি তার বুক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে মুক্তামনির বিষয়টি সবার নজরে আসে। গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মুক্তামনি একটি বিরল রোগে আক্রান্ত। এ রোগটির নাম ‘হাইপারকেরাটোসিস’।

মুক্তামনির কাগজপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তামনির অসুখ আরোগ্যযোগ্য নয়। তবে ঢামেকের চিকিৎসকরা রোগ সারাতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।