ঘরে শ্বশুরের দেওয়া আগুনে মারা গেলো অন্তঃসত্ত্বা পুত্রবধূ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৯ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মাতাল শ্বশুরের দেয়া আগুনে পুড়ে মারা গেছেন লিবা খাতুন নামে ২৭ বছর বয়সী সন্তানসম্ভবা এক নারী। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম আলোকদিয়া চরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ পান করা অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর শ্যালোমেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা ১০ মাসের সন্তানসম্ভবা লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পার্শ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কাজ করেন। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-জেডসি
