দেশে করোনায় মৃত্যু সাড়ে ৮ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫১ জনের শরীরে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।
বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৯তম অবস্থানে।
-জেডসি
