করোনা: সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ১১৫৯
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জনে। আর একদিনে মৃত্যুর এই সংখ্যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল।
এছাড়া গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৫৯ জনের শরীরে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো এক হাজার ৩৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ, সর্বমোট ২১৯টি ল্যাবে মোট ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে আসার পর এক পর্যায়ে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। ৯ মার্চ তা আবার ৫ শতাংশ ছাড়িয়ে যায়। আর গত তিন দুদিন ধরে দৈনিক শনাক্তের হার রয়েছে ৬ শতাংশের বেশি। আজ সেই হার ৭ পেরিয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৯তম অবস্থানে।
-জেডসি
