জাতীয় কন্যা শিশু দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২১ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:০৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
আজ জাতীয় কন্যা শিশু দিবস। “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ২০১৩ সাল থেকে দেশে বছরের একটি দিন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাণীতে বিশ্বজুড়ে নারী ও কন্যাশিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাষ্ট্রপতি কন্যা শিশুর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সার্বিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা শিশু দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম আজ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হবে কন্যা শিশু শোভাযাত্রা। এ শোভাযাত্রা শিশু একাডেমি চত্বরে এসে শেষ হবে। এরপর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কন্যা শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, কন্যা শিশুদের সম্পাদনায় বিশেষ বুলেটিন, ক্রোড়পত্র ও জার্নাল প্রকাশ। এতে কন্যা শিশুদের নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রমীলা ক্রিকেটার ও এভারেস্ট জয়ী নারীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।
মেয়েদের শিক্ষার অধিকার , পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রস্তাব গৃহিত হয়। এরই ফলশ্রুতিতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে ২০১৩ সাল থেকে বছরের একটি দিন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হচ্ছে।
