গৌরীপুরে বাসে আগুন; স্বামীর পর মারা গেলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে স্বামীর মৃত্যুর পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শামসুন্নাহার (৬৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রোববার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
গত ১১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুরে বাসে আগুনের ঘটনা ঘটে। এতে মোট ২২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসা দিয়ে ১৬ জনকেই ছেড়ে দেয়া হয়। ওই দিন ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোলামুর রহমান (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়।
শামসুন্নাহারের আত্মীয় মোজাম্মেল হক জানান, বাসে আগুনের সময় শামসুন্নাহার ও তার স্বামী রফিকুল ইসলাম দগ্ধ হয়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল রফিকুলের। শামসুন্নাহারের বাড়ি দাউদকান্দির তিন পাড়ায়। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল।
বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে। তার শরীর ১০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শামসুন্নাহারসহ মোট চার জন মারা গেলেন।
-জেডসি
