রাজধানীর পার্লারগুলো জমজমাট
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ০২:৫১ পিএম, ২৬ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা : আর দুদিন পরেই ঈদ। তাই শেষ মুহূর্তে এখন চলছে সাজসজ্জার পালা। তরুণীদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর পার্লারগুলো। ঈদকে সামনে রেখে বিউটি পার্লারগুলোতে ঈদ বানিজ্য জমজমাট হয়ে উঠেছে। মেহেদী লাগানো, চুল কাটা, চুলের ট্রিটমেন্ট, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর করাতে নারীরা ভিড় করছেন পার্লারগুলোতে।
জানা গেছে, রাজধানীতে প্রায় ৪শ ছোট বড় বিউটি পার্লার এবং প্রায় ৬শ বিউটি সেলুন রয়েছে। ঈদ উপলক্ষে অলিগলি থেকে শুরু করে ধানমন্ডি, গুলশান, বনানীর মত অভিজাত এলাকার এসব পার্লার ও সেলুনগুলোতে কোন বিরতি নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থেকে তবেই কাস্টমার তার কাজ করাতে পারছেন।
পার্লারগুলোতে ঘুরে দেখা গেছে, কেউ হেয়ার স্টাইল পরিবর্তন করছেন, কেউ ফেসিয়াল করছেন, কেউ করছেন ভ্রু প্লাগ, বা মেনি কিউর-পেডি কিউর, কেউ করছেন নখ ফাইলিং, কেউ আবার দু হাত মেহেদীর রঙে রাঙাচ্ছেন মনের মত করে। দেশের বিখ্যাত বিউটি পার্লার পারসোনার গুলশান শাখায় গিয়েও দেখা গেছে একই অবস্থা। এখানে আলাপ করে জানা গেল চুল স্ট্রেট করানো, চুলে কালার লাগানোর বিষয়ে তরুণীদের আগ্রহ বেশি। মেয়েদের স্ট্রেট চুলের ফ্যাশানই বর্তমানে বেশি চলছে।
বিউটি পার্লারগুলোতে স্টেপ, শর্ট স্টেপ, ফেদার কাট, ইউ কাটসহ নানা রকম চুলের কাটিং করাতে রাখা হচ্ছে ১৫০ থেকে ৬শ টাকা। চুলে কালার করাতে নেওয়া হচ্ছে ৩শ থেকে ৮শ টাকা। ফেসিয়ল করাতে তিনশ’ টাকা থেকে তিন হাজার টাকা। আর চুলে মেহেদী লাগাতে নেওয়া হচ্ছে ২শ থেকে ৫শ টাকা। হাত মেহেদীতে রাঙাতে নেওয়া হচ্ছে ১শ থেকে ৪শ টাকা। ঈদ উপলক্ষে নগরীর বিউটি পার্লারগুলোতে সকাল ৮টা থেকে রাত ২/৩টা পর্যন্ত ভিড় থাকছে। ঈদের আগের দিন মধ্য রাত পর্যন্ত এ ভিড় থাকবে বলে জানা গেছে।
২৬.০৭.২০১৪ 