ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:১০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেনিয়ায় স্কুলে গুলিতে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১২:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

কেনিয়ায় উত্তরাঞ্চলের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচ শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

 

এআইসি লকিংচোগিও মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক গণমাধ্যমকে জানান, বহিষ্কৃত এক শিক্ষার্থী এই হামলার নেতৃত্ব দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে দুজন বহিরাগতকে সঙ্গে নিয়ে হামলা চালায় সে।

 

গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করা ছাড়াও স্কুলের দুই ছাত্রীকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন।

 

প্রধান সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সেখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হানা দেয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সম্প্রতি অন্য এক শিক্ষার্থীকে মারধর করায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। পরে বহিরাগতদের নিয়ে সেই ছাত্রকে খুঁজতে আসে সে। কিন্তু তখন সে স্কুলে ছিল না।

 

কেনিয়ার ডেইলি ন্যাশনাল পত্রিকাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহিষ্কৃত ছাত্র স্কুলে এসে চিৎকার করে বলছিল, সে স্কুল জ্বালিয়ে দেবে এবং বহিষ্কারের শোধ নিতে আবার ফিরে আসবে।