শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১২:২৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, শিশুদের বাড়ন্ত শরীরের জন্য প্রচুর পুষ্টি প্রয়োজন। শিশুদের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের আরও মনোযোগী হতে হবে।
আজ যশোরের কেশবপুরে সুফলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ছাত্রছাত্রীদের টিফিন বক্স বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের নির্দিষ্ট সময় পর পর ক্ষুধা লাগে। ক্ষুধার্ত অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগী হতে পারেনা। ক্ষুধা লাগলে তাদের অবশ্যই খেতে দিতে হবে।
তিনি এ সময় টিফিন বক্সে সবসময় কিছু খাবারসহ শিশুদের স্কুলে পাঠানোর জন্য মায়েদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির ১৮৪৭ ছাত্রছাত্রীকে টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন বক্তৃতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
