ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২২:৩৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রাণ গেল আরও ৩৫ জনের, শনাক্ত ৩৯০৮

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯০৪ জনে। একই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছে আরও তিন হাজার ৯০৮ জন; যা প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এতে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।

আজ রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে ২১ পুরুষ ও ১৪ জন নারী। বয়স বিবেচনায় তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩, চল্লিশোর্ধ্ব ৬, পঞ্চাশোর্ধ্ব ৫ ও ষাটোর্ধ্ব ২১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ জন, বরিশালে পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহীতে দুইজন করে, খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০ তম অবস্থানে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-জেডসি