দেশে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৪৫
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে কোভিডে শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮১ জনের দেহে, যা বাংলাদেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে। এর আগে গত বছর ২ জুলাই মাসে দেশে কোভিডে শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জন।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৪টি ল্যাবে ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০তম অবস্থানে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।
-জেডসি
