সকল শিশুর সমঅধিকার নিশ্চিত করতে হবে : ইসমাত আরা সাদেক
বাসস
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০২ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, শিশুরা যাতে যথাযথভাবে বেড়ে ওঠে সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। সকল শিশুর জন্য সমঅধিকার নিশ্চিত করতে হবে। তারাই হবে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর।
তিনি আজ রোববার যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ‘বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০১৭’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়নের মাধ্যমে শিশুদের অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, শিশুরা যাতে যথাযথভাবে বেড়ে ওঠতে পারে সেজন্য জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ এবং জাতীয় শিশু নীতি ২০১১ প্রণয়ন করা হয়েছে।
অনুষ্ঠানে শিশুদিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে ইসমাত আরা সাদেক কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
