কসোভোর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভিউসা ওসমানি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৮ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ কসোভোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একজন নারী আইনজীবী ও রাজনীতিবিদ। রোববার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভিউসা ওসমানি সাদরিউ নামের এই নারী।
দেশটির পার্লামেন্টের অসন সংখ্যা ১২০টি। রোববারের ভোটে ৭১টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৮ বছর বয়সী ওসমানি সাদরিউ।
এর আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট হাশেম থাচি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন থিউসা ওসমানি।
কসোভোয় প্রেসিডেন্ট পদটি আলঙ্কারিক হলেও ওসমানি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদে বহাল থাকার পাশাপাশি পররাষ্ট্রনীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি সার্বিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা আবার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন যদিও প্রধানমন্ত্রী অ্যালবিন কুর্তি বলেছেন, এ ধরনের কোনো পরিকল্পনা তার সরকারের নেই।
১৯৯০-এর দশকের বলকান যুদ্ধের জের ধরে অনেক টানাপড়েন ও চড়াই-উৎরাইয়ের পর ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। বিশ্বের শতাধিক দেশ কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও এখন পর্যন্ত সার্বিয়া, রাশিয়া ও চীনের মতো দেশগুলো এই দেশকে স্বীকৃতি দেয়নি।
-জেডসি
