১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নিচ্ছে ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেবে ব্রিটেন। ওইদিন থেকে দেশটিতে রেস্টুরেন্ট, সব ধরনের দোকান, জিম এবং সেলুন খোলা থাকবে। স্থানীয় সময় সোমবার ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে বরিস জনসন বলেছেন, ‘কিন্তু আমাদের খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’
এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন।
যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
দেশটি নাগরিকদের জন্য করোনা সার্টিফিকেট ইস্যু করতে যাচ্ছে। এর মাধ্যমে একজন ব্যক্তি টিকা নিয়েছেন বা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বা প্রাকৃতিকভাবেই তার মাঝে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কি না, তা জানা যাবে।
-জেডসি
