দেশে একদিনে রের্কড ৭৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিন কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। সংক্রমণের তালিকাও দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে আরও ৭৪ জনের প্রাণহানি হয়েছে; যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬ হাজার ৮৫৪ জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।
আজ বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
একদিনে মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, বাকি ২৬ জন নারী। তাদের মধ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। আর বাকিদের মৃত্যু হয়েছে বাড়িতে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার।
-জেডসি
