ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:১৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এক সপ্তাহ ‘সর্বাত্মক’ লকডাউন হতে পারে: কাদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

এক সপ্তাহ ‘সর্বাত্মক’ লকডাউন হতে পারে: কাদের

এক সপ্তাহ ‘সর্বাত্মক’ লকডাউন হতে পারে: কাদের

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় ১৪ এপ্রিল থেকে সরকার আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে,তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা, আর বিএনপি দরজা জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।’

যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহনের দিন শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে, আর সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না।’

তিনি জানান, এ দেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি।

কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চ-বিলাসী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যেকোন অপপ্রয়াস জনগণকে সাথে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন প্লাটফর্ম ডি-৮ এর আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ ও জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ অর্জন শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি। এ অর্জন দেশের মানুষের অর্জন এবং শেখ হাসিনার সাফল্যের মুকুটে আরও একটি সোনালী পালক যুক্ত হলো।’