ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১০:৩৬:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা বিধি ভাঙ্গার দায়ে নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোভিড স্বাস্থ্যবিধি ভাঙার জন্য প্রধানমন্ত্রীকেও দিতে হল মোটা অঙ্কের জরিমানা। নরওয়ের পুলিশ আজ শুক্রবার জানিয়েছে, জমায়েত নিয়ে সরকারের যে নির্দেশিকা আছে তা গত ফেব্রুয়ারি মাসে লঙ্ঘন করেছিলেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। জন্মদিন উপলক্ষে একটি পার্টি আয়োজন করেছিলেন তিনি। সেই কারণেই জরিমানা দিতে হয়েছে তাকে। নরওয়ের মুদ্রায় যে জরিমানার অঙ্ক ২০ হাজার ক্রাউন, বাংলাদেশী টাকায় তা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা।

ফেব্রুয়ারির শেষে দিকে ৬০ বছরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী এরনা। সরকারের নির্দেশ ছিল, কোথাও ১০ জনের বেশি জমায়েত করা যাবে না। কিন্তু এরনার পার্টিতে ছিলেন ১৩ জন। সেই খবর সামনে আসতেই মার্চ মাসে প্রকাশ্যে ক্ষমা চান প্রধানমন্ত্রী। কিন্তু পুলিশ তার অপরাধের শাস্তি দিতে পিছপা হয়নি।

সরকারি সূত্রে খবর, কোনও জমায়েতে মানুষের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৩ হলে সাধারণত এতবড় অঙ্কের জরিমানা করা হয় না। সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু করোনা দমনের কড়া স্বাস্থ্যবিধি কার্যকর করার বিষয়ে নেতৃত্ব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তার জীবনেই নিয়মের ব্যতিক্রম থাকলে চলে না। সেই কারণেই পুলিশের এই সিদ্ধান্ত। যাতে প্রমাণিত হয় আইনের চোখে সকলেই সমান।

পুলিশ জানিয়েছে, এই পার্টি আয়োজনে এরনার স্বামীরও ভূমিকা ছিল। তবে তাকে কোনও জরিমানা করা হয়নি। ছেড়ে দেওয়া হয়েছে সেই রেস্তরাঁটিকেও যেখানে এই পার্টি হয়েছিল। তবে সতর্ক করে বলা হয়েছে, এমন পরিস্থিতি যেন আর না তৈরি হয়।