ভারতে একদিনে ৭৯৪ মৃত্যু, শনাক্ত প্রায় দেড় লাখ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জনের মধ্যে বর্তমানে সক্রিয় আক্রান্ত রয়েছেন ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জন।
এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৪ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।
এর আগে গতকাল করোনায় আক্রান্ত এক লাখ ৩১ হাজার ৯৬৮ জন ও পরশু এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৭ হাজার ৫৬৭ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ৯০ হাজার ৮৫৯ জন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৯৯৩ জন।
ভারতে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলেও এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৭৩ হাজার ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৫ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৮০৩টি নমুনা।
গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
-জেডসি
