দেশে একদিনে রের্কড ৭৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৭৭ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ৩৪৩ জনের শরীরে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন, নারী ২ হাজার ৪৩৫ জন।
একদিনে মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৫১ জন। এছাড়া চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৩, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ এবং রংপুরে ৪ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ২২, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার।
-জেডসি
-জেডসি
