ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৮:২৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্র, দ. আফ্রিকা, ইইউতে স্থগিত জনসনের টিকার প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়নে গণটিকাদান কর্মসূচিতে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকার ব্যবহার স্থগিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এই টিকা নেওয়ার পর এখন পর্যন্ত মোট ৬ জন রক্ত জমাট বাঁধার শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর এ পর্যন্ত দেশটিতে মোট ছয়জন রক্ত জমাট বাঁধার শিকার হয়েছেন। আক্রান্তরা সবাই নারী এবং তাদের বয়স আঠারো থেকে আটচল্লিশের মধ্যে।

বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন, আরেকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের দুই নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) এবং এফডিএ। বিবৃতিতে বলা হয়েছে, জনসনের টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে যারা রক্ত জমাট বাঁধার শিকার হয়েছেন, তাদের এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বসিস (সিভিএসটি)।

গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন দেয় এফডিএ। এর আগে ফাইজার এবং মডার্নার করোনা টিকার অনুমোদন দিয়েছিল দেশটি।

গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে মূলত ব্যবহার হয়েছে ফাইজার এবং মডার্নার করোনা টিকা; জনসনের টিকা ব্যবহার করা হয়েছে অনেক কম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশের মাত্র ৩ শতাংশ মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

-জেডসি