ভারতে একদিনে সাড়ে ৩ লাখ সংক্রমণ, মৃত্যু ২৭৬১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। মৃত্যুর সংখ্যা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে মরদেহ সৎকারে। খোড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও।
ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মার গেছেন আরও ২ হাজার ৭৬১ জন।
এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।
আনন্দবাজার জানায়, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসতে চলেছে।
বিরোধীদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেওয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গত নভেম্বরে নিজেদের রিপোর্টে কেন্দ্রীয় সরকারকে একাধিক সুপারিশ করেছিল। হাসপাতালগুলোতে অক্সিজেনযুক্ত শয্যা, আইসিইউ শয্যা, ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানোর ওপরে জোর দেওয়া হয়েছিল।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার অভিযোগ, এ সবের কিছুই মানেনি কেন্দ্রীয় সরকার। ফলে অক্সিজেনের অভাবে এখন মানুষকে মরতে হচ্ছে।
-জেডসি
