ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৫:১০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ আলেয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আলেয়া বেগম (৪০) মারা গেছেন। আজ সোমবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের ওই ঘটনায় দগ্ধ হওয়ার পর ২৩ এপ্রিল আলেয়া বেগমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার ভোরে ফতুল্লার তল্লা এলাকায় একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জন একই পরিবারের।

আইসিইউতে চিকিৎসাধীন আলেয়া বেগমের স্বামী হাবিবর রহমানের ৮৫ শতাংশ ও শাশুড়ি সামান্তা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া সামিউলের শরীরের ১০ শতাংশ, তাবাসসুম মীমের শরীরের ২৫ শতাংশ, মীমের ৩ মাস বয়সী ছেলে মাহিরের ২০ শতাংশ, লিমনের ২০ শতাংশ পুড়ে গেছে। তারাও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

-জেডসি