মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন কথিত দ্বিতীয় স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার
ফাইল ছবি
কারাগারে থাকা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি।
সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০।
সহিংসতার বেশ কয়েকটি মামলায় মামুনুল হককে গত ১৮ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের ১২ দিন পরে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলেন তার কথিত দ্বিতীয় স্ত্রী।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, বাদী ওই মামালায় অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জের ওই রিসোর্টে তাকে 'জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন' মামুনুল হক।
গত ৩রা এপ্রিল মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে যান। তখন সেখানে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় লোকজন।
মামুনুল হককে কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায়।
এসময় মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং দুই বছর আগে তারা 'ইসলামী শরিয়ত সম্মতভাবে' বিয়ে করেছেন।
তবে ওই নারী তার স্ত্রী কি-না সে বিষয়ে তার নিজের কোন বক্তব্য পাওয়া যায়নি।
