করোনায় ভারতে মৃত্যু ৪ হাজার, নতুন শনাক্ত প্রায় সাড়ে তিন লাখ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার
করোনায় ভারতে মৃত্যু ৪ হাজার, নতুন শনাক্ত প্রায় সাড়ে তিন লাখ
করোনা মহামারীর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দৈনিক বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্তের ধারা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো মৃত্যুর সংখ্যা চার হাজারের ঘরে রয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, আজ শুক্রবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৪৩ হাজার ১৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে চার হাজার জনের।
নতুন শনাক্তদের নিয়ে যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে।
আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু দুই লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।
টানা তিন সপ্তাহ ধরে ভারতে দৈনিক তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় প্রচণ্ড চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। আতঙ্কজনক এই পরিস্থিতিতে টিকার চাহিদাও বেড়ে গেছে।
