ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১১:৫৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইপিইউর নতুন প্রেসিডেন্ট হলেন ব্যারন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০২ পিএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

আন্তর্জাতিক ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মেক্সিকোর ম্যাডাম গাব্রিয়েলা ব্যারন

আন্তর্জাতিক ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মেক্সিকোর ম্যাডাম গাব্রিয়েলা ব্যারন

সংসদ বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মেক্সিকোর ম্যাডাম গাব্রিয়েলা ব্যারন। গত ১৪ থেকে ১৮ অক্টোবর রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত আইপিইউর ১৩৭তম অ্যাসেম্বলিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। মিস ব্যারন আইপিইউর ২৯তম প্রেসিডেন্ট এবং আগামী ৩ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত আইপিইউর ১৩৭তম এসেম্বলিতে বাংলাদেশের অর্জন গণমাধ্যমের সামনে তুলে ধরতে আগামী রোববার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখবেন আইপিইউ এসেম্বলির বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ ও আইপিইউর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও এতে বক্তব্য রাখবেন।

এদিকে আন্তর্জাতিক সংসদীয় আরেক বৃহৎ ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএ’র নির্বাহী কমিটির বর্তমান চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীরও মেয়াদ শেষ হচ্ছে কয়েকদিনের মধ্যেই। আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সিপিএর ৬৩তম সম্মেলনে ৭ নভেম্বর নতুন চেয়ারপারসন নির্বাচন হবে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৪ সালের অক্টোবরে ক্যামেরুনের ইয়াহুন্ডিতে অনুষ্ঠিত সিপিএর ৬০তম সম্মেলনে সংস্থাটির চেয়ারপারসন নির্বাচিত হন। একই বছর অনুষ্ঠিত আইপিইউর ১৩১তম এসেম্বলিতে জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ থেকে শিরিন শারমিন চৌধুরী যেমন সিপিএর প্রথম চেয়ারপারসন নির্বাচিত হন, তেমনই সাবের চৌধুরীও বাংলাদেশ থেকে প্রথম আইপিইউর প্রেসিডেন্ট হন।

প্রায় একই সময় বিশ্বের বৃহৎ এই দুটি সংসদীয় ফোরামের প্রধান পদে তাদের দুজনের এই অর্জন আর্ন্তজাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। বিরল এই সম্মান অর্জনের জন্য ২০১৪ সালের ২২ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের সম্বর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।