চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে শনাক্তের হার ৫৫ শতাংশ।
সোমবার (২৪ মে) বেলা ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।
-জেডসি
