ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৪:২৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দক্ষিণ এশিয়ায় আক্রান্ত তিন কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত এই সংখ্যা সবচেয়ে বেশি। শুক্রবার পর্যন্ত ভারতে প্রায় দুই কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে তিন লাখ ১৮ হাজার ৮৯৫ জন।

গত বছর মহামারী শুরুর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে এ মাসেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে, যা দেশটিতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশ।

দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানে সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বে যথাক্রমে ১৮ শতাংশ ও ১০ শতাংশ।

যদিও সংক্রমণ ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান নিয়ে সংশয় বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, সত্যিকারের সংকটের চিত্রটি আরও ভয়াবহ।

সরকারি হিসাব অনুযায়ী, গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যা কিছুটা কমায় আশা করা হচ্ছে ভারত দ্বিতীয় ঢেউয়ের চূড়া থেকে নামতে শুরু করেছে। তবে এ নিয়ে সংশয়ও রয়েছে। কারণ অভিযোগ আছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে সরঞ্জামের ঘাটতি থাকায় নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে না।

এই মাস থেকে ভারতে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের সবার জন্য টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ হওয়ার পরেও এই মুহূর্তে এই বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণের ধারেকাছেও নেই তারা।