ভারতে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন। এ নিয়ে করোনায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েক দিনে কমেছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।
এ দিকে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় গত এক-দেড় মাসের তুলনায় ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে।
দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
-জেডসি
