খালেদা জিয়া কক্সবাজারে : ত্রাণ দেবেন আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০২:২১ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারে পৌঁছেছেন। মিয়ানমারে নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিতে তিনি কক্সবাজার গেছেন।
আজ রোববার রাত ৮টার দিকে তার গাড়িবহর কক্সবাজার পৌঁছে। এরপর তিনি জেলা সার্কিট হাউজে ওঠেন। এর আগে বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ ত্যাগ করেন তিনি।
আগামীকাল সোমবার বেলা ১১টার পরে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা। সঙ্গে দলটির সিনিয়র নেতারা থাকবেন। তারা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবেন, তাদের খোঁজ-খবর নেবেন। সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের সিনিয়র নেতারা।
তারও আগে ৪ দিনের এক রাজনৈতিক সফরে গতকাল শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পথিমধ্যে ২ বার তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। ওইদিন সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা থেকে তিনি রওয়ানা হন।
