ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১২:৩৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৩১ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস পর আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু হচ্ছে। দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এছাড়া একই দিন থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সরকারঘোষিত বিধিনিষেধের আওতায় অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। সেটি আগামীকাল থেকে চালু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ঢাকা-কক্সবাজার গন্তব্যে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

-জেডসি