দেশে করোনা শনাক্ত ৮ লাখ ছাড়িয়ে গেল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩১ মে ২০২১ সোমবার
দেশে করোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭শ ১০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়ালো। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর আজ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে। এদিন করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পরার পর তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়। সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়। এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কমতে শুরু করে।
এখন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪১ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশে। আর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার শতকরা ৯২.৪৮ শতাংশ।
এই মুহূর্তে দেশের ৫০৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।
