মালালার সঙ্গে আড্ডা দিলেন জাস্টিন বিবার
প্রকাশিত : ০৯:১০ এএম, ৯ আগস্ট ২০১৪ শনিবার | আপডেট: ০৫:০৫ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ভিডিওতে আড্ডা দিলেন পপ তারকা জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সেই আলাপচারিতার একটি স্থিরচিত্র দিয়েছেন কানাডিয়ান এই পপতারকা।
ছবিটির নিচে ক্যাপশনে বিবার লিখেছেন, ‘এইমাত্র মালালা ইউসুফজাইয়ের সঙ্গে কথা হলো। তার জীবনের গল্পটা অসাধারণ। তার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য মুখিয়ে আছি। কোনোদিন দেখা হলে তার মালালা ফান্ডের সহায়তায় কীভাবে আসতে পারি তা নিয়ে বিস্তারিত কথা বলব।’
দুই বছর আগে নারী শিক্ষার জন্য সোচ্চার হওয়ায় আততায়ীদের গুলিতে আহত হয়েছিলেন মালালা। এই ভীতিকর অভিজ্ঞতাও তাকে দমিয়ে রাখতে পারেনি। সম্প্রতি বোকো হারামের মাধ্যমে অপহৃত নাইজেরিয়ার ২০০ মেয়ের জন্য সহমর্মিতা জানান তিনি। মালালার এমন অকুতোভয় ব্যক্তিত্বে মুগ্ধ জাস্টিন বিবার। তিনি মেক-এ-উইশ ফাউন্ডেশনের একজন সমর্থক।
০৯.০৮.২০১৪ 