মুন্সীগঞ্জে মেয়েসহ মা-বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৭ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৪ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাবা-মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মাছ বিক্রেতা মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও মেয়ে সানজিদা (৯)।
গ্রামবাসীরা জানান, মাছ ব্যবসায়ী মো. মমিন, তার স্ত্রী লুবনা বেগম ও শিশুকন্যা সানজিদা একই সঙ্গে বিষপান করেন। হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস জানিয়েছেন, মোমিন আর্থিক সংকটে ছিলেন। মমিন, লুবনা ও সানজিদাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।
তাদের আরেক মেয়ের নাম স্বর্ণা। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজনই বিষ খেয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে বলা যাবে তারা কীভাবে মারা গেছে।
