ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১১:৫৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাখাইন রাজ্য সফরে সু চি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৩ নভেম্বর ২০১৭ শুক্রবার

আজ বৃহস্পতিবার হঠাৎ করেই রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্য পরিদর্শনে গেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। গত দুই মাসের অধিক সময় ধরে এ রাজ্যে সহিংসতার পর তার এ সফর।

আজ বৃহস্পতিবার সরকারি সূত্রে বলা হয়েছে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক সু চি একদিনের সফরে রাখাইন রাজ্যের রাজধানী সিতয়ে এবং অন্যান্য শহর পরিদর্শন করবেন।

গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতিদিন নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। 

তবে কোনো ধরনের নির্যাতন-হত্যা-ধর্ষণের অভিযোগ বরাবরই নাকচ করে আসছে দেশটির অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সেনাবাহিনীও দাবি করে, রোহিঙ্গারা সে দেশের নাগরিক নন, বাংলাদেশ থেকে যাওয়া।

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়েন নোবেল পুরস্কারজয়ী সু চি। প্রায় দেড় দশকের অধিক সময় গৃহবন্দি ছিলেন সু চি। পাঁচ দশক ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা নেন দেড় বছর আগে।

সকালে অং সান সু চির মুখপাত্র জ হতয় গণমাধ্যমকে বলেন, সু চি এখন রাখাইনে রয়েছেন। তিনি মংডু ও বুথিডংয়েও যাবেন। এটা একদিনেরেএকটি সফর। তবে কেন হঠাৎ করেই এই সফর, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

স্থানীয় সময় আজ সকালে একটি সামরিক হেলিকপ্টারে করে সু চিকে রাখাইনের রাজধানী সিতয়ে যান। তার সঙ্গে প্রায় ২০ জনের একটি প্রতিনিধিদলও রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনের ওই অঞ্চলে নতুন করে মিয়ানমারবাহিনী অভিযান চালিয়ে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াও শুরু করে। এর ফলে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

গতকাল বুধবার রাতেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে কয়েক হাজার রোহিঙ্গা। এ ছাড়া গত কয়েক দশকে নির্যাতনের মুখে বিভিন্ন সময়ে আরো প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত পেড়িয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে।