কাল থেকে ফাইজারের টিকা দেয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২০ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার থেকে দেশে প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু হবে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানীর ৩টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সেখানে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেয়া হবে।
রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।
তিনি বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল (২১ জুন) থেকে ফাইজার টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সকল হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন; কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের ৭দিন অবজারভেশনে রেখে পরবর্তীতে সারাদেশে এ টিকা দেয়া হবে।
গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়।
-জেডসি
