করোনায় এক দিনে ৭৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
মারণব্যাধি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ৭০২ জন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ১৫০ জন।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
