ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু ১৩২১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
তৃতীয় ঢেউয়ের আগে ভারতে আবারো কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। সামান্য কমল মৃত্যুর হার। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের দৌলতেই এই পরিস্থিতি বলে প্রাথমিকভাবে মনে করছে স্বাস্থ্যমহল।
এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ভারতে প্রথম নারীর মৃত্যুর খবর মিলেছে মধ্যপ্রদেশ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩২১ জনের।
এ নিয়ে দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৮২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে তিন লাখ ৯১ হাজার ৯৮১ জন।
এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩৫৮ জনের। আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন।
এদিকে, ভারতেও বাড়ছে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা। উদ্বেগ আরো বাড়িয়েছে মধ্যপ্রদেশের নারীর মৃত্যু। তিনি ডেল্টা প্লাস স্ট্রেনে সংক্রমিত ছিলেন বলে খবর। এছাড়া ব্রাজিলেও গামা স্ট্রেনের সংক্রমণ দেখা গিয়েছে। ফলে এই মুহূর্তে গোটা বিশ্বে করোনার নানা প্রজাতিই সংক্রামক হয়ে উঠেছে।
-জেডসি
