বিধিনিষেধ মানাতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেয়ায় প্রাথমিকভাবে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে শুরু হওয়া এই লকডাউনের বিধিনিষেধ জনসাধারণকে মানাতে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে সরকার। যেকোনো মূল্যে অকারণে মানুষের বাইরে বের হওয়া ঠেকাতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার তথ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করে জানায়, শনিবার মন্ত্রিপরিষদ এই বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানাবে।
তবে শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদে জানান, দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নামতে পারে আর্মি। পুলিশ ও বিজিবির পাশাপাশি লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী।
তিনি আরো বলেন, ‘সোমবার থেকে সাত দিন কঠোর বিধি-নিষেধ থাকবে। পরে প্রয়োজন হলে সময় আরো বাড়ানো হবে। সবাই যেন কঠোর লকডাউন মানে সে জন্য কড়কড়ি থাকবে। এই লক্ষ্যে পুলিশের পাশাপশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকতে পারে।’
লকডাউন চলাকালীন সময়ে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম লকডাউনের বিধি নিষেধের আওতার বাইরে থাকবে।
-জেডসি
