ব্রিটেন দুই রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ : মে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রিটেন দুই রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটেন চায় ফিলিস্তিন ও ইসরায়েল দুইটি আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হোক। শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের দখলকৃত এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে ইসরায়েলকে।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা বলেন মে।
রয়টার্সের বরাত দিয়ে আরব নিউজের খবরে আজ শনিবার বলা হয়, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার (যা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার রসদ জুগিয়েছে) শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত নৈশভোজে ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়ে বক্তব্য দেন মে।
তিনি বলেন, দুই রাষ্ট্রের লক্ষ্য বাস্তবে রূপ দিতে হলে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। ইসরাইলকে নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের তরফ থেকেও কোনো রকম উসকানি ছড়ানো যাবে না।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মে। ওই সময় নেতানিয়াহু বলেন, বেলফোরের ১০০ বছর পর ফিলিস্তিনিদের উচিত চূড়ান্তভাবে ইহুদিদের জাতীয় বসতি ও ইহুদি রাষ্ট্রকে মেনে নেওয়া। যখনই তারা সেটা করবে, শান্তির রাস্তা অবারিত হয়ে যাবে। আমার ব্যক্তিগত মত হলো, শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
