ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:০২:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সহকর্মীকে চুমু দেয়া সমালোচিত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা মহামারিতে পুরো বিশ্ব এখন বিপর্যস্ত। যুক্তরাজ্যে করোনার বিস্তারও ব্যাপক। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু সেই নিয়ম ভেঙে ব্যাপক সমালোচিত হওয়ার পর অবশেষে পদত্যাগই করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি করোনা মহামারির মধ্যে তার এক নারী সহকর্মীকে চুমু খেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভেঙেছেন। রবিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো এক চিঠিতে ম্যাট হনকক লিখেছেন, ‘মহামারিতে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন তাদের কাছে আমরা ঋণী। সত্যি বলতে আমরা তাদের হতাশ করেছি।’

বরিস জনসন বলেছেন, তিনি এই পদত্যাগপত্র গ্রহণ করে ‘দুঃখিত’।

ম্যাট হ্যানককের পরিবর্তে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক চ্যান্সেলর সাজিদ জাভিদ। দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, হ্যানকরের পরিবর্তিত হিসেবে তাকে বেছে নেয়ায় তিনি ‘সম্মানিত’ বোধ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ম্যাট হ্যানকক ও গিনা কোলাদানগেলোর ছবি প্রকাশের পর থেকে পদত্যাগের জন্য ম্যাট হ্যানকক অনেক চাপে ছিলেন। তারা দুজনেই বিবাহিত। সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য বিভাগের মধ্যে থেকে গত ৬ মে ছবিটি তোলা হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হ্যানকক তার স্ত্রী মারথা হ্যানককের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন। বিবিসি এই তথ্যের সত্যতা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ম্যাট হ্যানকক বলেছেন, ‘এই দেশের মানুষ যেভাবে ত্যাগ স্বীকার করছে তা আমি বুঝি। আমরা যারা এই নিয়ম তৈরি করেছি তা আমাদের পালন করতে হবে। আর এই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

-জেডসি