যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, দুই নারীসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২১ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (২৬ জুন) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবুকুরকি শহরে চারজন পর্যটকবাহী এয়ার বেলুনটি বিধ্বস্ত হয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানান, যে ৪ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুজন নারী। এদের মধ্যে একজন পাইলট ছিলেন।
আর পুলিশ জানিয়েছে, বেলুনটি ১০০ ফিট ওপর থেকে নিচে পড়লেও বৈদ্যুতিক তারের ওপর পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শহরটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েন ১৩ হাজারের বেশি বাসিন্দা।
২০১৬ সালে মর্মান্তিক বেলুন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে ১৬ জন প্রাণ হারান। ব্রাজিলে ২০১৩ সালে ৩ জন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় মিশরে ১৯ পর্যটক নিহত হন।
-জেডসি
