প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে আমন্ত্রিত
প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ০২:০৬ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:নিউজিল্যান্ড আগামী বছরের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককালি তার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মিয়ানমারের রাজধানীতে এক বৈঠকে তার প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণ পৌঁছে দেন।
আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়।
নে পিদাওতে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) বৈঠকের পাশাপাশি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে সেদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশীদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা-পরবর্তীকালে নিউজিল্যান্ডের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন।
উভয় মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদারে সম্মত হন।
পররাষ্ট্রমন্ত্রী ৯ থেকে ১০ আগস্ট নে পিদাওতে অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেন।
১১.০৮.২০১৪ 