টাঙ্গাইল সড়কে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনা সংক্রমণ ঠেকাতে চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত অপরজন হচ্ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সের চালক।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছার পর ঢাকাগামী মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। তারা গুরুতর আহত অবস্থায় সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরো দু’জনের মৃত্যু ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন।
-জেডসি
